২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদমজী ইপিজেডে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 04:24 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের বন্ধ করে দেওয়া হাইল্যান সোয়েটার ইন্টারন্যাশনাল লিমিটেডের শ্রমিকরা সোমবার তাদের বকেয়া পাওনার দাবিতে বিক্ষোভ শুরু করলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সংঘর্ষের পর বিক্ষুব্ধ শ্রমিকেরা নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক প্রায় ১৫ মিনিট অবরোধ করে রাখে। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। হাইল্যান সোয়েটার ইন্টারন্যাশনাল গত ৪ জানুয়ারি বন্ধ করে দেয় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)। সোমবার শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়ার কথা ছিলো। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কারখানার আট শতাধিক শ্রমিক তাদের বকেয়া বেতন নিতে ইপিজেডের কারখানায় আসেন। এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে ইপিজেড ও কারখানা কর্তৃপক্ষ আলোচনায় বসে। কর্তৃপক্ষ বকেয়া পরিশোধে সময় চাইলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। শ্রমিকরা বকেয়া পাওনার দাবিতে বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। শ্রমিকেরা কারখানার জানালার কাচ ভাংচুর করে। সংঘর্ষে আহতদের মধ্যে আছেন- শ্রমিক জাহাঙ্গীর, আমীর, আল-আমিন, আকবর, শারমীন, সুমন, নিরাপত্তাপ্রহরী অহিদুল ইসলাম, গোলাম হায়দার ও ইমাম আলী। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জাহাঙ্গীর, আকবর ও সবুজসহ কয়েকজন শ্রমিক সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে উঠলে মালিকপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ ব্যাপারে হাইল্যান সোয়েটার কারখানার মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার সত্যতা স্বীকার করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি এস এম বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্ধ করে দেওয়া কারখানার শ্রমিকদের ডিসেম্বর মাসের বেতন দেওয়ার কথা ছিল সোমবার। কিন্তু না দেওয়ায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৯ ঘ.