ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তার বিরুদ্ধে আনা পৌর নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ 'অসত্য' বলে দাবি করেছেন সরকার দলীয় সাংসদ ও হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব।
নির্বাচন কমিশনে (ইসি) সোমবার দেওয়া লিখিত জবাবে এ দাবি করেছেন আব্দুল ওহাব।
সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "নির্বাচন কমিশনে লিখিত জবাব দিয়েছি। নির্বাচনের কোনা আচরণ বিধি ভঙ্গ করিনি। যেসব অভিযোগ এনেছে তা অসত্য।"
তার ব্যক্তিগত কর্মকর্তা বিকালে ইসি সচিবালয়ের উপ-সচিব (পৌর) সৈয়দ খুরশিদ আনোয়ারের কাছে কমিশনের অভিযোগের জবাবে লিখিত ব্যাখ্যা জমা দিয়েছেন বলে জানান সাংসদ আব্দুল ওহাব। তিনি যশোর-৬ আসনের সংসদ সদস্য।
যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত ৮ জানুয়ারি তার কাছে পাঁচ দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয় ইসি।
এক মেয়র প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে হুইপের কাছে এ ব্যাখ্যা চাওয়া হয়।
নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়, গত ১১ ডিসেম্বর যশোরের কেশবপুর পৌরসভায় সাংসদ শেখ আব্দুল ওহাব সরকারি সুবিধা নিয়ে ডাক বাংলো ব্যবহার করেন।
এছাড়া ১৬ ডিসেম্বর প্রতিদ্বন্দ্বি এক প্রার্থীর মিছিলে তিনি সমালোচনামূলক বক্তব্য দেন। ১৭ ডিসেম্বর ওই নির্বাচনী এলাকায় দুস্থ মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ করেন।
এ বিষয়ে হুইপ বলেন, "নিজ নির্বাচনী এলাকা হওয়ায় কেশবপুরে যাই। তবে কোনো প্রোটোকল নিইনি। রাস্তাঘাটও উদ্বোধন করিনি। মুক্তিযোদ্ধাদের ভাতা বিতরণ করিনি।"
"বিজয় দিবসের সরকারি কর্মসূচিতে আলোচনা সভায় অংশ নিয়েছি। কারো বিরুদ্ধে কিছু বলিনি," বলেন হুইপ।
তিনি বলেন, ওই সময় মনোনয়নপত্র যাছাই-বাছাইও সম্পন্ন হয়নি।
নির্বাচন কমিশনের গত ২ ডিসেম্বর ঘোষণা করা তফসিল অনুযায়ী আগামী ১৭ জানুয়ারি খুলনা ও বরিশাল বিভাগের পৌরসভাগুলোয় নির্বাচনের কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেবি/পিডি/১৯২৮ ঘ.
bdnews24