গোপালগঞ্জ, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
সোমবার সকাল ১০টায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নেতৃত্বে দলের নেতারা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান।
এ সময় তারা বঙ্গবন্ধুর কবর জিয়ারত ও ফাতেহাপাঠ করেন।
কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরো ছিলেন- দলের অন্যতম সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ও শেখ হারুন অর রশিদ।
এরপর জেলা প্রশাসন, কৃষি ব্যাংক, জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও ছাত্রলীগের পক্ষ থেকে সমাধিতে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এরপর বঙ্গবন্ধুর সমাধি সৌধের খোলা মঞ্চে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ সেলিম বলেন, ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হলেও তা পূর্ণতা পায়নি। বঙ্গবন্ধু ১০ জানুয়ারি দেশে ফেরার পর বিজয় পূর্ণতা পায়।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
আলোচনা শেষে প্রত্যাবর্তন দিবসের বিশেষ মোনাজাত হয়। বাদ জোহর মাজার কমপ্লেক্স মসজিদে হয় মিলাদ ও দোয়া মাহফিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৩ ঘ.
bdnews24