২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর কর ফাঁকি মামলার অভিযোগ গঠন ফের পিছিয়েছে

আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে কর ফাঁকি মামলায় অভিযোগ গঠন তৃতীয় বারের মতো পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 01:05 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে কর ফাঁকি মামলায় অভিযোগ গঠন তৃতীয় বারের মতো পিছিয়েছে। সোমবার মামলার অভিযোগ গঠনের ধার্য দিনে কোকোর সময় আবেদনে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক আগামী ২৪ জানুয়ারি শুনানির পরবর্তী দিন নির্ধারণ করেন। আবেদনে বলা হয়, কর ফাঁকির এ মামলা বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ওই রিট আবেদনটি এখনো নিষ্পত্তি হয়নি। এজন্য এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন পরিবর্তন করা জরুরি। গত ১ মার্চ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-করকমিশনার শাহীন আকতার বাদি হয়ে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় কোকোর বিরুদ্ধে ৫২ লাখ ৩৯ হাজার ২২৬ টাকার আয় গোপন করে এর উপর প্রযোজ্য কর ফাঁকির অভিযোগ আনা হয়। এর আগে এ মামলায় গত ৭ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য দ্বিতীয় দফায় সময় চাওয়া হয়েছিলো। গত ৩১ অক্টোবর কোকোর বিরুদ্ধে মুদ্রা পাচার মামলায় ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোজাম্মেল হোসেন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে কোকো বর্তমানে থাইল্যান্ড রয়েছেন। সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর গ্যাটকো দুর্নীতি মামলায় কোকোকে গ্রেপ্তার করা হয়। এরপর ২০০৮ সালের মে মাসে তাকে সাময়িক মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৮৫৯ ঘ.