ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামরিক আদালতে কর্নেল এমএ তাহেরের বিচারের বৈধতা নিয়ে করা রিট আবেদনের শুনানি শুরু হয়েছে।
সোমবার বিকাল পৌনে ৪টার দিকে বিচারপতি এএইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চে এ শুনানি শুরু হয়।
আবেদনকারীর পক্ষে শুনানি করেন ড. শাহ্ দীন মালিক। সরকার পক্ষে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সরকার পক্ষের সময় আবেদনে গত ৬ জানুয়ারি একই বেঞ্চ এ শুনানি ১০ জানুয়ারি পর্যন্ত মুলতবি করে। অ্যাটর্নি জেনারেল রিট আবেদনের শুনানির প্রস্তুতির জন্য সময় চেয়ে আবেদন করেন।
এর আগে গত ১৩ ডিসেম্বর সরকারের আবেদনে ৬ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেছিলো হাইকোর্ট।
মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের ভাই ও স্ত্রীর রিট আবেদনে গত ২৩ অগাস্ট হাইকোর্ট সামরিক আদালতে তার গোপন বিচারের নথি তলব করে।
পাশাপাশি তাহেরের গোপন বিচারের জন্য সমারিক আইনে জারি করা আদেশ ও এর আওতায় গোপন বিচার ও ফাঁসি কার্যকর করাকে কেনো অসাংবিধানিক ঘোষণা করা হবে না- তা জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়।
কর্নেল তাহেরের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের এবং সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ ২৩ অগাস্টই ওই রিট আবেদন করেন।
কর্নেল তাহেরসহ ১৭ জনকে সামরিক আদালতের গোপন বিচারে ১৯৭৬ সালের ১৭ জুলাই সাজা দেওয়া হয়। এরপর ২১ জুলাই ভোররাতে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৬২৫ ঘ.
bdnews24