২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায়

ভুটানের প্রধানমন্ত্রী লিওনছেন জিগমে ইয়োসার থিনলে সোমবার পাঁচদিনের সফরে বাংলাদেশে এসেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 07:16 AM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুটানের প্রধানমন্ত্রী লিওনছেন জিগমে ইয়োসার থিনলে সোমবার পাঁচদিনের সফরে বাংলাদেশে এসেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভিনন্দন জানান। ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ড্রুক এয়ারের ফ্লাইটটি দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দরে অবতরণ করে। থিনলের সফরসঙ্গী হিসেবে ভুটানের ব্যবসায়ী প্রতিনিধিসহ ১৯ জনের একটি প্রতিনিধিদল রয়েছে। মঙ্গলবার দুই দেশের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক আলোচনায় বসবেন। ভুটানের প্রধানমন্ত্রীর এ সফরে সাংস্কৃতিক বিনিময় নিয়ে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনাল থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রায় হোটেল সোনারগাঁওয়ে নেওয়া হয়। আগামী ১৪ জানুয়ারি ঢাকা ছাড়ার আগে এই হোটেলেই অবস্থান করবেন তিনি। সোমবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে ভুটানের প্রধানমন্ত্রী। তিনি সাভার থেকে ফেরার পর হোটেলে তার সঙ্গে সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের বৈঠকে বাণিজ্য এবং জলবিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দুই দেশের সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। সফরে ভুটানের প্রধানমন্ত্রী চট্টগ্রাম বন্দরের অবকাঠামো পরিদর্শন করবেন। যাবেন সুন্দরবন ও কক্সবাজার পরিদর্শনে। ১২ জানুয়ারি তিনি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। একইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'জাতীয় সুখ' বিষয়ে বক্তব্য রাখার কথা রয়েছে থিনলের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/১৩১৩ ঘ.