ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনের নামে যেন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের পর বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন সে বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, "এখন বক্তব্য দিলে তাও জাতির উদ্দেশে ভাষণ হবে। এর অবসান হওয়া উচিত।"
"খালেদা জিয়ার অভিযোগের জবাব দেবো আমরা", বলেন তিনি।
এর আগে রোববার বিকালে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেন, "বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার এখতিয়ার নেই।"
হানিফ বলেন, "রাষ্ট্রপতি ও সরকার প্রধান ছাড়া জাতির উদ্দেশে কেউ ভাষণ দিতে পারেন না।"
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি বাস্তবায়নে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
এর আগে গুলশানে নিজের কার্যালয়ে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, "মহাজোট সরকারের দুই বছরে দেশে আতঙ্কের রাজত্ব কায়েম হয়েছে।"
দুই বছরে সরকার সফল- এ দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার তিনদিন পর বিরোধী দলের মূল্যায়ন নিয়ে জাতির সামনে হাজির হন খালেদা জিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এসইউএম/এজে/কেএমএস/১০৪৬ ঘ.
bdnews24