২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্টকে ছাপানো প্রশ্ন-উত্তর দিলো টিআইবি

বিচার বিভাগে দুর্নীতি প্রসঙ্গে টিআইবি প্রকাশিত সর্বশেষ জরিপ প্রতিবেদনের উত্তর সংবলিত ছাপানো প্রশ্নমালা পেয়েছে সুপ্রিম কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2011, 04:17 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার বিভাগে দুর্নীতি প্রসঙ্গে টিআইবি প্রকাশিত সর্বশেষ জরিপ প্রতিবেদনের উত্তর সংবলিত ছাপানো প্রশ্নমালা পেয়েছে সুপ্রিম কোর্ট। কোর্টের উপনিবন্ধক মো. বদরুল আলম ভূঁঞা সাংবাদিকদের কাছে এ সব নথির প্রাপ্তি স্বীকার করে জানিয়েছেন, নথি পাওয়ার পর তা কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। গত ২৩ ডিসেম্বর টিআইবি প্রকাশিত এক জরিপে বলা হয়, সেবা খাতের মধ্যে বিচার বিভাগেই দুর্নীতি বেশি হয়। এর মধ্যে ঘুষ লেনদেন বেশি হয় উচ্চ আদালতে। বিচার বিভাগের দুর্নীতি নিয়ে টিআইবির জরিপ প্রতিবেদনের তথ্য চেয়ে সুপ্রিম কোর্টের তৃতীয় চিঠির জবাবে এসব নথি পাঠানো হয়। গত ৬ জানুয়ারি সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানকে এ চিঠি পাঠানো হয়েছিলো। এর আগে ৩ জানুয়ারি পাঠানো দ্বিতীয় চিঠিতেও একই ধরণের তথ্য উপাত্ত চাওয়া হয়। ওই চিঠির জবাবে টিআইবি সিডিতে করে তথ্য উপাত্ত পাঠায়। পরে বিচার বিভাগের দুর্নীতি নিয়ে প্রশ্ন ও উত্তরের ছাপানো অনুলিপি পাঠাতে নুতন করে চিঠি দেওয়া হয়। চিঠিতে দুর্নীতির অভিযোগের অন্য কোনো তথ্য থাকলে তা-ও পাঠানোর অনুরোধ করা হয় টিআইবিকে। ২৮ ডিসেম্বর ওই জরিপের সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত চেয়ে টিআইবিকে প্রথম চিঠি দেয় সুপ্রিম কোর্ট। পরে টিআইবি'র দেওয়া তথ্য-উপাত্ত পর্যালোচনায় ৩০ ডিসেম্বর বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচজন বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়। কমিটি সেদিনই টিআইবির দেওয়া তথ্য-উপাত্ত পর্যালোচনা শুরু করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২২১৫ ঘ.