ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী পৌরসভা নির্বাচন অনুষ্ঠানে স্থগিতাদেশ চেয়ে করা রিট আবেদনের শুনানি হবে আগামী ১৭ জানুয়ারি।
রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
স্থানীয় ভোটার আব্দুল কাওসারে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। এতে মেয়র প্রার্থী হারুন মিথ্যা হলফনামা দিয়েছেন অভিযোগ এনে নির্বাচনে স্থগিতাদেশ চাওয়া হয়।
এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দাখিল করা হলেও কমিশন তা গ্রহণ করেনি।
আবেদনকারীর পক্ষে শুনানি করেন সুপ্রীম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ বাসেত মজুমদার। সরকার পক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।
এ বিষয়ে এ বাসেত মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিট আবেদনের পরবর্তী শুনানি হবে ১৭ জানুয়ারি।
আগামী ১৮ জানুয়ারি ফেনী পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/২১৪৩ ঘ.
bdnews24