ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শেরে বাংলা নগর থানা এলাকায় ৪১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদকে গুলি করার ঘটনায় রোববার পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) সাদেকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই ঘটনায় নূর মোহাম্মদের (৬৫) পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় রোববার পর্যন্ত কোন মামলা হয়নি। তবে নিজ উদ্যোগে পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন নূর মোহাম্মদের অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। শনিবার রাতেই অস্ত্রোপ্রচারের মাধ্যমে তার দেহ থেকে বুলেট বের করা হয়।
এদিকে নূর মোহাম্মদকে হত্যার চেষ্টার প্রতিবাদে আগারগাঁও ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে রোববার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড সহসভাপতি গাজী ওবায়দুর রহমান।
সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর যুবলীগ সহসভাপতি কামরান শহীদ প্রিন্স, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, মঞ্জুর কাদের, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান, ফোরকান হোসেন একেএম আজম।
সভা শেষে একটি বিক্ষোভ মিছিল পুরো এলাকা প্রদক্ষিণ করে। সভায় সোমবার বিকালে পঙ্গু হাসপাতাল ও বাংলাদেশ বেতার কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালনের সিদ্ধান্ত হয়।
শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগারগাঁও বিএনপি বাজারে সন্ত্রাসীরা নূর মোহাম্মদকে গুলি করে হত্যার চেষ্টা চালায়। এ সময় তার দেহে ২টি গুলি লাগে।
শনিবার একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নূর মোহাম্মদ বাজারের মমতা বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে বসা ছিলেন। ৪/৫ জন যুবক হেটে এসে তাকে লক্ষ্য করে গুলি করে একটি মাইক্রোবাসে চড়ে পালিয়ে যায়।
প্রথমে তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। পরে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/কেএমএস/২১২৭ ঘ.
bdnews24