ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুটানের প্রধানমন্ত্রী লিওনছেন জিগমে ইয়োসার থিনলে সোমবার পাঁচদিনের সফরে বাংলাদেশে আসছেন।
এ সময় তার সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিসহ ১৯ জনের একটি প্রতিনিধি দল থাকবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার তার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এ সময় দু'টি সমঝোতা স্মারক সই হবে।
তিনি বলেন, "ভুটানি প্রধানমন্ত্রীর সফরে সাংস্কৃতিক বিনিময় নিয়ে একটি সমঝোতা স্মারক সই হবে। এছাড়া বাংলাদেশ থেকে চিকিৎসক নেওয়ার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছে ভুটান।"
তিনি জানান, সফরে চট্টগ্রাম বন্দরের অবকাঠামো পরিদর্শন করবেন থিনলে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ট্রানজিটের জন্য ওই বন্দরটি ভুটানের কাছে গুরুত্বপূর্ণ।
সফরে তিনি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান, বাণিজ্যমন্ত্রী এম ফারুক খানের সঙ্গেও বৈঠক করবেন। এছাড়া বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) আয়োজনে একটি নৈশভোজেও অংশ নেবেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি 'জাতীয় সুখ' বিষয়ে বক্তব্য দেবেন। সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া সুন্দরবন ও কক্সবাজার পরিদর্শনেও যাবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসজেড/এমআর/জেবি/পিডি/১৯৪৬ ঘ.
bdnews24