২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজ ছিনতাই সোমালীয় জলদস্যুদের ব্যবসা

সোমালীয় জলদস্যুরা জাহাজ ছিনতাইকে ব্যবসা হিসেবেই দেখে বলে জানালেন তাদের কাছ থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি প্রকৌশলী গিয়াসউদ্দিন আজম খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2011, 06:15 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এটা একটা ব্যবসা, ছিনতাই নয়। সোমালীয় জলদস্যুরা জাহাজ ছিনতাইকে ব্যবসা হিসেবেই দেখে বলে জানান তাদের কাছ থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি প্রকৌশলী গিয়াসউদ্দিন আজম খান। শনিবার সন্ধ্যায় নগরীর মেহেদীবাগের সিডিএ আবাসিক এলাকার নিজ বাসায় সাংবাদিকদের এ কথা বলেন জার্মান জাহাজের এই দ্বিতীয় প্রকৌশলী। বিকাল সাড়ে ৩টায় ওমান এয়ারলাইন্স'র একটি ফ্লাইটে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এছাড়া ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ এমভি জাহান মনির ২৬ জনের সবাই সুস্থ আছেন বলেও তিনি জানান। গত ৫ ডিসেম্বর ভারত মহাসাগরে ছিনতাই হয় জাহান মনি। ২৬ বাংলাদেশিসহ জাহাজটিকে সোমালিয়া নিয়ে গেছে জলদস্যুরা। সেমালীয় জলদস্যুদের নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থা আছে জানিয়ে তিনি বলেন, জলদস্যুদের মোবাইল ফোনের মাধ্যমে জাহান মনির সদস্যদের সঙ্গে তার দুইবার যোগাযোগ হয়েছে। তারা সবাই জাহাজের কেবিনে আছেন এবং সুস্থ আছেন। গত আট মাসে জলদস্যুদের মোবাইল ফোন থেকে তিনি পাঁচ থেকে ছয় বার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বনেছেন বলে জানান। ২০১০ সালের ৮মে এডেন সাগর থেকে সোমালীয় জলদস্যুরা জার্মান মালিকানাধীন জাহাজ 'এমভি মারিয়া মার্গারেট' ছিনতাই করে। জাহাজটিতে গিয়াসউদ্দিন আজম খান ও চিফ অফিসার জাফর ইকবাল নামের দুই বাংলাদেশিসহ ২২ জন নাবিক ছিলেন। গত ২৬ ডিসেম্বর ৫৫ লাখ মার্কিন ডলারের বিনিময়ে জাহাজটি ছেড়ে দেয় জলদস্যুরা। গিয়াসউদ্দিন জানান, অন্য বাংলাদেশি নাবিক জাফর ইকবাল সোমবার ওমান থেকে দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে কিভাবে তাদের জাহাজটি ছিনতাই করা হয় সে বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি। সাংবাদিকরা একাধিকবার এ বিষয়ে জানতে চাইলে গিয়াস উদ্দিন বলেন, অপর নাবিক জাফর ইকবাল দেশে এসে পৌঁছালে একসঙ্গে আপনাদের সব প্রশ্নের জবাব দেব। গিয়াস উদ্দিন জানান, বিভিন্ন গ্র"পে বিভক্ত হয়ে সোমালীয় জলদস্যুরা জাহাজ ছিনতাই করে। তাদের জাহাজটির আশপাশে আরো আটটি ছিনতাই করা জাহাজ ছিল বলে তিনি জানান। তিনি বলেন, "গত আট মাসে একবারো মনে হয়নি দেশে ফিরতে পারব না। কারণ জলদস্যুরা আমাদের কোনো ক্ষতি করেনি। তারা চায় মুক্তিপণ। তারা বলে এটা একটা ব্যবসা, ছিনতাই নয়।" গিয়াস উদ্দিন আরো বলেন, "সোমালিয়ায় কার্যত কোনো সরকার নেই। তাই জলদস্যুদের নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। ছিনতাই করা জাহাজ মুক্তির একমাত্র উপায় মুক্তিপণ দেওয়া।" জলদস্যুরা একে ৪৭ মেশিনগানসহ ভারি অস্ত্র ব্যবহার করে। তাদের জাহাজে ৫০ জন জলদস্যু ছিল বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/ডিডি/০০১১ ঘ.