২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর-রাজশাহীতে সড়কে যানবাহনে ডাকাতি

শেরপুর সদর উপজেলা ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়কে যানবাহনে ডাকাতি হয়েছে। ডাকাতরা টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2011, 02:06 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর সদর উপজেলা ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়কে যানবাহনে ডাকাতি হয়েছে। ডাকাতরা টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। আমাদের শেরপুর প্রতিনিধি জানান, শেরপুর-ঢাকা মহাসড়কে সদর উপজেলার আলিনাপাড়া এলাকায় শনিবার ভোরে ৫টি বাসসহ ৭টি যানবাহনে ডাকাতি হয়। ডাকাতদল যাত্রীদের কাছ থেকে টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল টেলিফোন সেট, মূল্যবান মালামাল লুট করে নেয়। ডাকাতি হওয়া বাসের কয়েকজন যাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলিনাপাড়ায় ডাকাত দল ঢাকা-শেরপুর মহাসড়কে গাছের গুড়ি ফেলে ৪টি নৈশ কোচ, ১টি রিজার্ভ বাস, ১টি ট্রাক ও ১টি মোটর সাইকেলকে থামতে বাধ্য করে। রামদা, কিরিচসহ দেশীয় অস্ত্রে সজ্জিত ৮/১০ জনের ডাকাত দল প্রত্যেক বাসে উঠে যাত্রীদের কাছ থেকে টাকা ও মূল্যবান জিনিষপত্র কেড়ে নেয়। তাদের পরনে ছিলো লুঙ্গি এবং মাফলার দিয়ে মুখ ঢাকা ছিলো। ডাকাতি শেষে ডাকাত দলের সদস্যরা নিজেরাই ধর ধর বলে চিৎকার করে ক্ষেতের আল ধরে দক্ষিণ দিকে পালিয়ে যায়। এ ঘটনার ২৫/৩০ মিনিট পর নকলা ও শেরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। শেরপুর সদর থানার ওসি মাযহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনা তারা তদন্ত করছেন। শেরপুরের এএসপি (সদরদপ্তর) ইদ্রিস আলী ভূঁইয়া জানান, ঘটনাটি তিনি শুনেছেন তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ অভিযোগ জানায়নি। আমাদের রাজশাহী প্রতিনিধি জানান, শুক্রবার রাতে কাশিয়াডাঙ্গা-কাঁকনহাট সড়কের পালপুর এলাকায় ডাকাত দল রাস্তায় ট্রাক রেখে কয়েকটি যানবাহন থামিয়ে ডাকাতি করে। গোদাগাড়ী থানার ওসি জাকিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ওই সড়কে একটি ট্রাক দাড় করিয়ে রেখে ডাকাত দল ৪টি ট্রাক, কয়েকটি ভটভটি, রিকশা, ভ্যান এবং একটি বাই সাইকেলকে থামতে বাধ্য করে। ডাকাতরা এসব যানবাহনের চালক ও যাত্রীদের মারধর করে টাকা ও মূল্যবান জিনিষপত্র লুট করে নেয়। তারা চালকদেরকে গাছের সঙ্গে বেঁধে রেখে কয়েকটি রিকশা ও ভ্যানও নিয়ে যায়। ডাকাতদের হামলায় আহত হয় অন্তত ৮ জন। পরে বিডিআরের একটি টহল দল চালক ও আহতদের উদ্ধার করে। এদের মধ্যে সাইফুল ইসলাম (৩২) নামের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২৬০৩ ঘ.