বাগেরহাট, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট শহরের পুরাতন বাজার এলাকায় এক গৃহবধূ ও তার কিশোরী মেয়েকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেয়। অভিযুক্ত মুন্নাকে (৩০) কারাগারে পাঠানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুরাতন বাজার এলাকার গৃহবধূ মরিয়ম বেগমের (৪০) লিখিত অভিযোগের ভিত্তিতে তিনি জেলা গোয়েন্দা পুলিশকে ঘটনাটি তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দেন।
পুলিশ তদন্ত শেষে মুন্নাকে আটক করে। তিনি ঘটনাস্থলে আদালত বসিয়ে প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষ্য গ্রহণ শেষে এ আদেশ দেন।
মরিয়ম বেগম সাংবাদিকদের জানান, তাদের প্রতিবেশী মৃত মোস্তফা কামাল মধুর পরিবারের সঙ্গে খুটিনাটি বিষয় নিয়ে মাঝে মধ্যেই তাদের ঝগড়া বিবাদ হয়ে আসছে। সকালে ড্রেনে পানি ফেলা নিয়ে মুন্না তাদের বাড়িতে ঢুকে তাকে এবং তার মেয়েকে (১৩) শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং গালিগালাজ করে।
ঘটনাটি তিনি বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানকে লিখিতভাবে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৮২৫ ঘ.
bdnews24