ঠাকুরগাঁও, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সারাদেশের পৌর নির্বাচনে প্রভাব বিস্তার করছে মন্তব্য করে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের আমলে কোন নির্বাচনই সুষ্ঠ হবে না।
শনিবার ঠাকুরগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহা-সচিব মির্জা ফখরুল এ কথা বলেন।
তিনি বলেন, "এই সরকারের আমলে কোন নির্বাচনই সুষ্ঠু হবেনা। সুষ্ঠুভাবে নির্বাচন হলে বিএনপি প্রার্থীর বিজয় কেউ ঠেকাতে পারবেনা।"
শহরের নিজ বাড়িতে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে ফখরুল আরো বলেন, "নির্বাচন যাতে সুষ্ঠ হয়, এজন্য আমরা সব কেন্দ্রে সেনা মোতায়েনের দাবি জানাচ্ছি। কিন্তু সরকার তা মানছেনা।"
পৌর নির্বাচনের প্রচারণার সময় শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধীদল বিএনপির নেতাকর্মীদের মধ্যে শুক্রবার সংঘর্ষ হয়। এতে সাংবাদিকসহ অন্তত সাতজন আহত হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনটি করেন ফখরুল।
মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেন পুলিশের উপস্থিতিতে সংঘর্ষের ওই ঘটনা ঘটেছে। কিন্তু তারা কোন বাধা দেয়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আজিজুর রহমান।
সাংবাদিক প্রহারের ঘটনায় প্রেসক্লাবে প্রতিবাদ সভা
আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে দৈনিক কালের কন্ঠ পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আলী আহসান হাবীব আহত হন। সে সময় লাঞ্ছিত হয় আরো দুই সাংবাদিক। এ ঘটনার প্রতিবাদে দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাংবাদিকদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি আখতার হোসেন রাজার সভাপতিত্বে বক্তব্য দেন আব্দুল লতিফ, সৈয়দ মেরাজুল হোসেন, লুৎফর রহমান মিঠু, এনামুল হক, শাহীন ফেরদৌস, বদরুল ইসলাম বিপ্লব, হারন-অর-রশিদ, আব্দুল্লাহ হক দুলাল।
সভায় সাংবাদিকদের ওপর হামলায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। সন্ধ্যায় তারা এক প্রতিবাদ সভারও আয়োজন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫৫০ ঘ.
bdnews24