চট্টগ্রাম, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়া উপজেলায় মসজিদের কর্তৃত্ব নিয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে কর্ণফুলী থানায় দুটি মামলা করেছে। গ্রেপ্তার করা হয়েছে ৩৯ জনকে।
শুক্রবার দুপুরে সংঘর্ষের পর রাতে মসজিদ এলাকায় একটি অস্থায়ী পুলিশ ফাঁড়ি বসানো হয়েছে।
মামলা দুটির বাদি কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুর ও জনগণের জানমালের ক্ষতিসাধন করায় দ্রুত বিচার আইনে একটি এবং সরকারি কাজে বাধা দানের অভিযোগে অন্য মামলাটি দায়ের করা হয়েছে।
দুই মামলায় মোট ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে বলে তিনি জানান।
সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে ৫০ জনকে আটক করা হয়েছিলো। তাদের মধ্যে ৩৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে বাবুল জানান।
শুক্রবার জুমার নামাজ শেষে পটিয়া উপজেলার পশ্চিম পটিয়ার ফকিরনির হাটে 'বায়তুল ইকরাম জামে মসজিদে'র কর্তৃত্ব নিয়ে শাহ আমীর পুর ও জুলধা গ্রামের মুসল্লিদের মধ্যে সংঘর্ষ হয়।
ওই সময় নয়টি দোকান ও আটটি বসত ঘরে আগুন দেওয়া হয়। সংঘর্ষ চলাকালে শুক্রবার চট্টগ্রাম-আনোয়ারা সড়কে দুই ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিলো। সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়।
শাহ আমীর পুরের বাসিন্দারা ওয়াহাবী ও জুলধা গ্রামের বাসিন্দারা সুন্নি মতাবলম্বী। ৪০ বছর আগে প্রতিষ্ঠিত মসজিদটির কর্তৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে এ দুই পক্ষের মধ্যে রেষারেষি চলছে।
পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল আউয়াল শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
"মসজিদের কর্তৃত্ব নিয়ে বাড়ি ঘর পোড়ানো অত্যন্ত অমানবিক কাজ। তারা আলোচনা করে ঠিক করতে পারতো", বলেন তিনি।
মসজিদ সংলগ্ন এলাকায় একটি অস্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়টি জানিয়ে আউয়াল বলেন, সেখানে এখন ৩০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
পরিস্থিতি শান্ত রয়েছে বলে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হোসেনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/১২৫০ ঘ.
bdnews24