২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত

কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি রুটে চার ঘণ্টা এবং পাটুরিয়া-দৌলতদিয়া পথে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2011, 05:49 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি রুটে চার ঘণ্টা এবং পাটুরিয়া-দৌলতদিয়া পথে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিলো। কুয়াশা কেটে যাওয়ায় শনিবার সকাল সাড়ে ১০টায় মাওয়া-কাওড়াকন্দি এবং সাড়ে ৯টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া পথে ফেরি আবার চলতে শুরু করে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। তবে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুটি স্থানের চার পাড়ের ঘাটেই যানজট রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাদারীপুর ও মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মাওয়া-কাওড়াকন্দি পথে শনিবার সকাল সাড়ে ৬টায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে সাড়ে ১০টায় তা চালু হয়। মহাসড়ক পুলিশের শরীয়তপুরের পাঁচ্চর ফাঁড়ির উপপরিদর্শক মো. আসাদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ে ৪ শতাধিক যানবাহন আটকে ছিলো। কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক এমএ বাতেন জানান, কুয়াশায় কারণে নদীর বুকে সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট ও সার্চিং লাইট দেখা না যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দিতে হয়। মানিকগঞ্জ ও রাজবাড়ি প্রতিনিধি জানান, পাটুরিয়া-দৌলতদিয়া পথে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিলো। এতে উভয় পাড়ে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক ও দুই শতাধিক যাত্রীবাহী বাস আটকা পড়ে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা-বিআইডব্লিউটিসি'র আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দৌলতদিয়া ঘাট ছেড়ে আসা কেরামত আলী, শাহ পরাণ এবং খান জাহান আলী ফেরি তিনটি কুয়াশার কারণে পাটুরিয়া চ্যানেলের প্রবেশ মুখে নোঙর করতে বাধ্য হয়। এরপর ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে যাওয়ার ছোট-বড় নয়টি ফেরিই এখন চলছে জানিয়ে বিদ্যুৎ সাহা বলেন, নৈশকোচ ও জরুরি কাজে নিয়োজিত যানবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১১৫০ ঘ.