চট্টগ্রাম, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গর থেকে পণ্য বোঝাই করে ফেরার সময় একটি লাইটারেজ জাহাজে হামলা চালিয়ে পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে জলদস্যুরা।
শুক্রবার সকাল ১০টার দিকে বহিঃনোঙ্গরের কুতুবদিয়া চ্যানেলে এ ঘটনা ঘটে।
জলদস্যুদের হামলায় জাহাজের মাস্টারসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।
বাংলাদেশ লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বহিঃনোঙ্গরে থাকা একটি জাহাজ থেকে সিমেন্ট ক্লিংকার বোঝাই করে ফেরার সময় 'এমভি মালিয়া' নামের ওই লাইটারেজ জাহাজে হামলা চালায় জলদস্যুরা।
তিনি বলেন, ১৫ জন জলদস্যু একটি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে হামলা চালায়। এসময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে জাহাজের মাস্টার মোহাইমেন ও ক্রু শহীদ মিয়া গুরুতর আহত হন। এছাড়া অপর ১২ জন ক্রুর সবাইকে মারধর করা হয়।
ক্রুদের নগদ অর্থ, মোবাইল ফোন ও জাহাজের যন্ত্রপাতিসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল জলদস্যুরা নিয়ে যায় বলে জানান আবু তাহের।
বহিঃনোঙ্গর থেকে জাহাজটি বিকাল তিনটায় কর্ণফুলী নদীর ঘাটে এসে পৌঁছে।
আহত মোহাইমেন ও শহীদকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন এমভি মালিয়া লাইটারেজ জাহাজে ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এইচএ/২২৫৫ ঘ.
bdnews24