২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মণি মেলায় হামলার ঘটনায় মামলা

নেত্রকোনার দূর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতা কমরেড মণি সিংহ স্মরণে আয়োজিত মণি মেলায় হামলার ঘটনায় একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 02:03 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

নেত্রকোনা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেত্রকোনার দূর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতা কমরেড মণি সিংহ স্মরণে আয়োজিত মণি মেলায় হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য জালাল উদ্দিন তালুকদারসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১৫ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সিপিবি সভাপতি ও মেলা উদযাপন কমিটির আহ্বায়ক সোহরাব হোসেন মামলাটি করেন বলে পুলিশ জানিয়েছে। আগেরদিন সন্ধ্যায় জালাল উদ্দিন তালুকদারের নেতৃত্বে তার লোকজন মেলায় হামলা চালিয়ে ২০-২৫টি দোকান ভাংচুর করে। এ সময় জালাল গুলি ছোড়েন বলেও অভিযোগ পাওয়া গেছে। টংক আন্দোলনের নেতা মণি সিংহ স্মরণে গত ৩১ ডিসেম্বর দুর্গাপুর সদরের টংক স্মৃতিস্তম্ভের পাদদেশে সপ্তাহব্যাপী এই মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন বিগত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম। অনুষ্ঠানে জালাল উদ্দিনকে প্রধান অতিথি না করায় তিনি মঙ্গলবার রাতে মেলা কমিটির নেতাদের ডেকে মেলা বন্ধের নির্দেশ দেন। তা না হলে তাদের গুলি করে হত্যার হুমকি দেন তিনি। মেলা কমিটির নেতারা পরদিন থানায় একটি লিখিত অভিযোগ করেন। এরপরই জালাল উদ্দিন লোকজন নিয়ে মেলায় হামলা চালায়। জালাল উদ্দিন ছাড়াও মামলার আসামিদের মধ্যে আছেন- আওয়ামী লীগ কর্মী জুয়েল তালুকদার, স্বপন তালুকদার, পৌর ছাত্রলীগের আহবায়ক অজয় চন্দ্র, সংগঠনের কর্মী জাহাঙ্গীর আলম, রেজাউল ইসলাম, মাজাহারুল ইসলাম, আনোয়ার হোসেন। দূর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, মামলা তদন্ত করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০১ ঘ.