নারায়ণগঞ্জ, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লার দাউদকান্দি উপজেলা থেকে বিদেশি মুদ্রাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
উপজেলার বালুয়াকান্দি এলাকায় বুধবার রাতে একটি চেকপোস্টে গাড়ি তল্লাশি করে বিদেশি বিভিন্ন মুদ্রার ২৬২টি নোটসহ তাকে আটক করা হয় বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তার বিপ্লব চন্দ্র কুড়ি (৩২) লক্ষ্মীপুর সদর উপজেলার চৌপলী গ্রামের মৃত অনিল চন্দ্র কুড়ির ছেলে।
উদ্ধার বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে- ১০০ ইউএস ডলারের ১২৪টি নোট, ৫০০ সৌদি রিয়ালের ৮৩টি, ২০০ সৌদি রিয়াল একটি, ১০০ সৌদি রিয়াল ২৫টি, ৫০ সৌদি রিয়াল চারটি, ৫০০ কাতারি রিয়াল আটটি, ১০০ কাতারি রিয়াল ১৪টি, ৫০ কাতারি রিয়াল একটি, ২০০ কাতারি রিয়াল একটি, ৫০ ওমানি রিয়ালের একটি নোট।
বাংলাদেশি টাকায় বিদেশি মুদ্রাগুলোর আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা বলে জানান র্যাব-১১ এর নারায়ণগঞ্জের আদমজীনগর ক্যাম্পের একজন কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাইভেটকারে করে বিপ্লব চেকপোস্ট পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় তাকে থামানো হয়। গাড়িতে তিনি একা ছিলেন।"
তার দেহ তল্লাশি করে বিদেশি মুদ্রাগুলো উদ্ধার করা হয় বলে জানান তিনি।
র্যাব কর্মকর্তা জানান, বিপ্লবকে থানায় হস্তান্তর ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৭৪৪ ঘ.
bdnews24