২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোলিও টিকা খাওয়ানো হবে ৮ জানুয়ারি

সারা দেশে ৫ বছরের কম বয়সী শিশুদের পোলিও টিকা খাওয়ানো হবে ৮ জানুয়ারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 10:57 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারা দেশে ৫ বছরের কম বয়সী শিশুদের পোলিও টিকা খাওয়ানো হবে ৮ জানুয়ারি। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে ইপিআই ভবনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। ১৯তম জাতীয় টিকা দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিনি জানান, জাতীয় টিকা দিবসের প্রথম রাউন্ড ৮ জানুয়ারি ও দ্বিতীয় রাউন্ড ১২ ফেব্র"য়ারি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরাবরের মতো এবারও উভয় রাউন্ডে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে ২ফোঁটা করে পোলিও টিকা খাওয়ানো হবে। এ ছাড়া রাতকানা রোগ ও মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে প্রথম রাউন্ডে ৫ বছর বয়স পর্যন্ত সকল শিশুকে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। আর ২য় রাউন্ডে ২ বছর বয়স থেকে শুরু করে ৫ বছরের কমবয়সী সকল শিশুকে একটি করে কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে হেলিকপ্টার ও লঞ্চ যোগে পোলিও টিকা খাওয়ানোর দল পাঠানো হবে জানিয়ে মন্ত্রী বলেন, "এক লাখ ২০ হাজার জনবল এবং ২০টি ভ্রাম্যমাণ দল এ কর্মসূচীতে অংশ নেবে। গত ৪ বছরে বাংলাদেশে কোন পোলিও রোগী সনাক্ত হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, "বাংলাদেশ পোলিও নির্মূলের ক্ষেত্রে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় এগিয়ে থাকলেও পোলিও নির্মূল সনদপত্রের অধিকারী হতে পারছে না।" "বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এ সনদ পেতে হলে এ অঞ্চলের সবকয়টি দেশে পোলিও রোগের অবস্থা পরপর ৩ বছর শূন্যের কোঠায় থাকতে হবে।" ভারতে গতবছর ৪১ জন পোলিও রোগী সনাক্ত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, "ভারত পোলিও মুক্ত না হওয়া পর্যন্ত বাংলাদেশ পোলিও নির্মূল সনদপত্রের অধিকারী হতে পারবে না।" প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকরা কর্মক্ষেত্রে যাচ্ছেন না, এ ব্যাপারে কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা-এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার জন্য পর্যবেক্ষণ কমিটি করা হয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে গিয়ে খোঁজ নিচ্ছেন। চিকিৎসকদেরকে যেখানে পাঠানো হবে সেখানেই চাকুরি করতে হবে। না হলে চাকরি ছেড়ে দিতে হবে। আগামী দেড় থেকে ২ বছরের মধ্যে এ অবস্থার উন্নতি হবে বলে জানান মন্ত্রী। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার সিফায়েত উল্লাহ, জাতীয় অধ্যাপক এম আর খান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৬৪৮ ঘ.