২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুফতি ইজহারের চারদিনের হেফাজত

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুই মামলায় ইসলামী ঐক্যজোট একাংশের চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীকে চারদিনের হেফাজতে রাখার অনুমতি পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 09:49 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুই মামলায় ইসলামী ঐক্যজোট একাংশের চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীকে চারদিনের হেফাজতে রাখার অনুমতি পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা জেষ্ঠ্য বিচার বিভাগীয় হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন। একইসঙ্গে আদালত নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) গ্রেপ্তার পাঁচ সদস্যকেও দুই মামলায় ছয়দিনের হেফাজতের (রিমান্ড) অনুমতি দেয়। চট্টগ্রাম জেলা পিপি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত মুফতি ইজহারকে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিস্ফোরক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পৃথকভাবে দুইদিন করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ দুই মামলায় ইজহারকে ১০ দিনের পৃথক রিমান্ডের আবেদন করেছিলেন। এর আগে প্রথম দফায় আদালত ইজহারের রিমান্ড নামঞ্জুর করেছিলেন। এছাড়া আদালত হুজির পাঁচ সদস্যকেও পৃথকভাবে তিনদিন করে ছয়দিনের রিমান্ডের অনুমতি দেন বলে আইনজীবী হাশেম জানান। এসময় মুফতি ইজহার ও পাঁচ হুজি সদস্যকে আদালতে হাজির করা হয়। গত বছরের ১৫ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামীয়া মাদ্রাসা থেকে ইজহারুলকে আটক করে র‌্যাব। পরদিন সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে করা দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রাউজান থানায় সোপর্দ করা হয়। গত বছরের ১৩ ডিসেম্বর ভোর রাতে রাউজান উপজেলার গহীন অরণ্যে অভিযান চালিয়ে পাঁচ হুজি সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ওইদিনই রাউজান থানায় সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে দুটি মামলা করে পুলিশ। মুফতি ইজহার লালখান বাজার মাদ্রাসায় ১৫ ডিসেম্বর দুপুরে এক সংবাদ সম্মেলন করে গ্রেপ্তারকৃত পাঁচ হুজি সদস্যকে নির্দোষ দাবি করেন। সংবাদ সম্মেলনের তিন ঘণ্টা পর র‌্যাব তাকে আটক করে রাউজান থানায় সোপর্দ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/কেএমএস/১৫৪৬ ঘ.