কিশোরগঞ্জ, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র ও বিস্ফোরক মামলাসহ তিন মামলায় উলফা নেতা রঞ্জন চৌধুরী ও তার সহযোগী প্রদীপ মারাকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার কিশোরগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ আমস সাঈদ অভিযোগপত্র গ্রহণ করে আগামী ৩ ফেব্র"য়ারি অভিযোগ গঠনের দিন ধার্য করেছেন।
এর আগে কিশোরগঞ্জ কারাগার থেকে রঞ্জন ও প্রদীপকে আদালতে হাজির করা হয়।
ভারতের আসাম রাজ্যের বিছিন্নতাবাদী গেরিলা সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) শীর্ষস্থানীয় নেতা রঞ্জন ও তার সহযোগী প্রদীপকে গত বছরের ১৭ জুলাই কিশোরগঞ্জের ভৈরবের লক্ষ্মীপুর এলাকা থেকে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার করা হয়।
ওইদিন রাতেই র্যাব-৯ ভৈরব ক্যাম্পের উপ সহকারী পরিচালক (ডিএডি) করিম উল্লাহ বাদি হয়ে অস্ত্র, বিস্ফোরক, অনুপ্রবেশ ও সন্ত্রাস দমন আইনে তাদের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করেন।
অবৈধ অনুপ্রবেশের মামলাটির তদন্ত চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/এমআই/১৫৩৭ ঘ.
bdnews24