২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ ঘণ্টা পর রেলপথ অবরোধ প্রত্যাহার

ক্ষমতাসীন দলের নেতাদের আশ্বাসে রংপুর স্টেশন থেকে সাত ঘণ্টা পর রেলপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে স্থানীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 09:30 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

রংপুর, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দলের নেতাদের আশ্বাসে রংপুর স্টেশন থেকে সাত ঘণ্টা পর রেলপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে স্থানীয়রা। রংপুর থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের ১২টি ট্রেন পুনরায় চালুর দাবিতে রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের ডাকে হাজার খানেক মানুষ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন। এ কারণে রংপুর রেল স্টেশনে আটকা পড়ে বগুড়ার শান্তাহারগামী দোলনচাপা এক্সপ্রেস এবং দিনাজপুরগামী একটি কমিউটার ট্রেন। বিক্ষোভকারীরা দুটি ট্রেনের মাঝখানে অবস্থান নিয়ে ছিলেন। বেলা ৩টার দিকে রংপুর-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য টিপু মুন্সী এবং রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবুল মুনসুর আহমেদ ঘটনাস্থলে যান। তারা আন্দোলনরতদের সঙ্গে সংহতি প্রকাশ করে বলেন, "প্রধানমন্ত্রী শনিবার রংপুর আসছেন। ওইদিনই জনসভায় তিনি রেল চালুসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ঘোষণা দেবেন।" তাদের এই আশ্বাসে তারা রেলপথ অবরোধ প্রত্যাহার করেন। অবরোধ চলাকালে রেল স্টেশনে অনুষ্ঠিত সমাবেশে বিভাগ আন্দোলন পরিষদের আহ্বায়ক ওয়াদুদ আলী বলেন, রংপুর থেকে রাজধানীগামী দুটি আন্তঃনগর ট্রেন একতা ও তিস্তা এক্সপ্রেস হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া বন্ধ হয়ে গেছে রংপুর অঞ্চলের ওপর দিয়ে যাওয়া ১০টি লোকাল ও মেইল ট্রেন। এসব ট্রেন আবার চালু করতে হবে। আন্দোলনকারীরা তখন দিনব্যাপী রেলপথ অবরোধের কর্মসূচি পালনের ঘোষণা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৫২৯ ঘ.