ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ খাতের টেকসই উন্নয়নের লক্ষ্যে বিদ্যুতের পাইকারি (বাল্ক) দাম বাড়ানোর জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
বোর্ডের প্রস্তাবে ২০১০-১১ ও ২০১১-১২ অর্থবছরে ২৫ দশমিক ৩ শতাংশ এবং ২০১২-১৩ অর্থবছরে ২৫ দশমিক ৮ শতাংশ করে দাম বাড়ানোর কথা বলা হয়েছে।
সর্বশেষ ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর প্রতি কিলোওয়াট-পার ঘণ্টা বিদ্যুতের গড় দাম ১৬ শতাংশ বাড়িয়ে ২ দশমিক ০৪ টাকা থেকে ২ দশমিক ৩৭ টাকা নির্ধারণ করা হয়।
বুধবার প্রস্তাব পাওয়ার পর বিইআরসি জানিয়েছে, মূল্যহার বৃদ্ধির প্রস্তাব নিয়ে খুচরা বিক্রেতা কোম্পানিগুলো আগামী ১৬ জানুয়ারির মধ্যে তাদের মতামত জমা দিতে পারবে এবং এ বিষয়ে ২৭ জানুয়ারি গণশুনানি অনুষ্ঠিত হবে।
পিডিবি বলছে, মূল্য বৃদ্ধি বিদ্যুৎ উৎপাদন, লোডশেডিং কমানো, দেশের উন্নয়ন কর্মকাণ্ডের গতিশীলতা বৃদ্ধিতে, বিদ্যুতের অপচয় রোধে, কাস্টমার সার্ভিস উন্নয়নে এবং এ খাতে সরকারের ভর্তুকি কমাতে সহায়ক হবে।
প্রতি ইউনিট বিদ্যুতের সরবরাহ ব্যয় ২০১০-১১ অর্থবছরের জন্য ৩ দশমিক ৬১ টাকা, ২০১১-১২ অর্থবছরের জন্য ৪ দশমিক ৪১ টাকা এবং ২০১২-১৩ অর্থবছরের জন্য ৪ দশমিক ৯৮ টাকা ধরা হয়েছে।
ধারণা করা হচ্ছে, মূল্যহার সমন্বয় না করলে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত সরকারকে ২০ হাজার ১৭৫ কোটি টাকা ভর্তুকি দিতে হবে।
পিডিবি আইপিপি, আরসিপিএল, ভাড়ায় চালিত বিদ্যুৎ প্রকল্পগুলো, ইজিসিবি ও আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয় করে তার বড় একটি অংশ ডিপিডিসি, ডেসকো ও আরইবিসহ বেশ কয়েকটি কোম্পানির কাছে বিক্রি করে।
বিদ্যুতের চাহিদা প্রতি বছরই ৮ থেকে ১০ শতাংশ করে বাড়ার প্রেক্ষাপটে আইপিপি এবং নতুন ও ভাড়ায় চালিত বিদ্যুৎ প্রকল্পগুলো থেকে অতিরিক্ত বিদ্যুৎ কেনার পদক্ষেপ নিয়েছে পিডিবি।
গ্যাস সঙ্কটে বিদ্যুৎ কেন্দ্রগুলো ব্যয়বহুল ডিজেল ও ফার্নেস অয়েল ব্যবহার করায় বাড়ছে উৎপাদন খরচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এজে/এমআই/১১২৫ ঘ.
bdnews24