ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাস, জঙ্গিবাদসহ অন্যান্য অপরাধের বিরুদ্ধে অভিযানের সময় পুলিশকে মানবাধিকার লঙ্ঘন না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার পুলিশ সপ্তাহ-২০১১ উপলক্ষে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন।
পুলিশ সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, "অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় আপনাদের সতর্ক থাকতে হবে যেন মানবাধিকার লঙ্ঘিত না হয়।"
তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জঙ্গিবাদ, সন্ত্রাস ও অন্যান্য সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
"জনগণের আস্থা অর্জনে আপনাদেরকে পূর্ণ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মনে রাখবেন, জনগণের ট্যাক্সের টাকায় আপনারা বেতন পাচ্ছেন." বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বেসামরিক প্রশাসন ও দেশের মানুষের মধ্যে শৃঙ্খলা পুনঃস্থাপন করাই হচ্ছে সরকারের প্রধান লক্ষ্য।
শেখ হাসিনা বলেন, "আমরা জনসেবার জন্য ক্ষমতায় এসেছি, ব্যবসা কিংবা অর্থ উপার্জনের জন্য নয়।"
জনগণের শান্তিপূর্ণ জীবনযাত্রা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন কর্মসূচির উল্লেখ করে তিনি জাতীয় স্বার্থে এসব কর্মসূচি বাস্তবায়নে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য পুলিশকে নির্দেশ দেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বর্তমান সরকারের কঠোর পদক্ষেপের কারণে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।
এ সময় তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তরিক প্রয়াসের জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান।
পুলিশের বিভিন্ন দাবির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর বিদ্যমান সমস্যা সমাধানে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তিনি পুলিশ বাহিনীতে সবার জন্য ঝুঁকিভাতাসহ অন্যান্য দাবি বাস্তবায়নেরও আশ্বাস দেন।
পুলিশ বাহিনীর আবাসন ও যানবাহন সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) শহিদুল হক ও ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনার বেনজির আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেবি/পিডি/২০২৬ ঘ.
bdnews24