নারায়ণগঞ্জ, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পৌরসভার নির্বাচন নির্দলীয় হলেও অনেকেই দলীয় প্রভাব নিয়ে নির্বাচন করছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন।
তিনি আরো বলেন, "অনেক প্রার্থী নিজের অবস্থা ভালো না জেনে টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছেন।
"সরকারি কর্মকতাদের ম্যানেজ করে কেউ কেউ নির্বাচন করার চেষ্টা করছেন। আমরা এসব প্রার্থীকে চিহ্নিত করছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা মিলনায়তনে পৌরসভা নির্বাচনে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সাখাওয়াত এ কথা বলেন।
তিনি মনে করেন, নিবার্চন প্রক্রিয়া নিয়ে কোনো সমস্যা হলে দেশে গণতন্ত্র থাকবে না। নিবার্চন প্রক্রিয়া শক্তিশালী হলে দেশের গণতন্ত্রও শক্তিশালী হবে।
পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নির্বাচনী আচরণবিধিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলে নির্বাচন কমিশনার জানান।
ভোটারদের উদ্দেশ্য করে তিনি বলেন, রাতের আঁধারে অনেকে ভোটারদের টাকার দেওয়ার চেষ্টা করছে। কিন্তু টাকার কাছে কেউ বিক্রি হবেন না। যোগ্য প্রার্থীকে আপনারা ভোট দিন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- ঢাকা বিভাগীয় উপ নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. সামছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট সাইদুর রহমান, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরসিয়া কমল প্রমুখ।
পরে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় গণ্যমান্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৩ ঘ.
bdnews24