ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়ায় চাকরির মেয়াদ শেষে অবৈধ হয়ে পড়া ও অবৈধভাবে প্রবেশ করা সাড়ে তিন লাখ বাংলাদেশিকে দেশে ফিরে আসতে হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
বুধবার সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মন্ত্রী একথা জানান।
খন্দকার মোশাররফ বলেন, "দেশটিতে চাকরির মেয়াদ শেষে অবৈধ হয়ে পড়া এবং ভিজিট ভিসাসহ নানা পন্থায় অবৈধভাবে প্রবেশ করা সাড়ে তিন লাখ শ্রমিককে নিয়ে সরকার সমস্যায় রয়েছে।
"তারা তিন বছরের চুক্তিতে সেখানে গিয়েছিলো। মেয়াদ শেষেও তারা দুই বছর চাকরির সুযোগ পেয়েছে। তবে এখন তাদের দেশে ফিরে আসতে হবে।"
তিনি আরো বলেন, "এসব শ্রমিক বা কর্মী আবারো মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন, যদি তাদের চাকরিদাতারা চান। সেক্ষেত্রে সরকার এসব কর্মীকে সহায়তাও করবে।"
মালয়েশিয়ায় আবারো শ্রমবাজার খোলার প্রস্তুতি চলছে জানিয়ে মন্ত্রী বলেন, "এক্ষেত্রে চাকরির সময় বাড়ানোর চেষ্টা চলছে। তারা প্রথমে পাঁচ বছরের জন্য যাবেন। কাজের মেয়াদ শেষে আরো পাঁচ বছরের জন্য মেয়াদ বাড়ানোর সুযোগ পেতে পারেন তারা। এজন্য সরকার তৎপরতা চালাচ্ছে।"
তিনি জানান, শিগগিরই মালয়েশিয়া সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে সরকার এ বিষয়টি চূড়ান্ত করবে। দু'দেশের সরকারি পর্যায়ে এ নিয়ে আলোচনা চলছে। সরকার থেকে সরকার পর্যায়েই এসব শ্রমিক পাঠানো হবে।
বৈঠকে বিসিআই সভাপতি মোহাম্মদ ওয়াজিউল্লাহ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
এতে বিসিআই এর পক্ষ থেকে দূতাবাসগুলোকে কার্যকর, দক্ষ শ্রমিক প্রেরণে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো সচল, গ্যাস ও বিদ্যুতের সঙ্কট দূর, শিল্পনীতি সংসদে পাস এবং বিসিআইকে সরকারি অনুদানসহ নিজস্ব কার্যালয় স্থাপনের জায়গা বরাদ্দ দেওয়ার দাবি জানানো হয়।
এ সময় শ্রমসচিব নূরুল হক সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলি আহমেদ আল দাফিরি শ্রমমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন।
এ সময় কুয়েতে আবারো বাংলাদেশের শ্রমিক পাঠানোর বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত মন্ত্রীকে এ ব্যাপারে ইতিবাচক সাড়া দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/১৪৫৫ ঘ.
bdnews24