ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে সিমেন্টবাহী ট্রাক্টর ও যাত্রীবাহী টেম্পুর সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের রাধিকা নামক স্থানের এ দুর্ঘটনায় আহত হয়েছেন টেম্পুর আরো তিন যাত্রী।
তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় নাঈম মিয়াকে (২২) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি কসবা উপজেলার চন্দ্রপুরে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- টেম্পুযাত্রী ব্রাহ্মণবাড়িয়ার চন্দ্রপুরের তারাবানু (৪৫) এবং টেম্পুচালক স্বপন মিয়া (৬০)। নিহত অপর যাত্রীর বয়স ২৫ বছরের কাছাকাছি।
প্রত্যাক্ষদর্শীদের বরাত দিয়ে সদর থানার ওসি সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে বিডিআরের একটি টহল দল তল্লাশির জন্য টেম্পুটি রাস্তার পাশে থামায়। এ সময় বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী ট্রাক্টরটি সেটিকে ধাক্কা দেয়।
তিনি বলেন, এতে ঘটনাস্থলেই টেম্পুচালক স্বপন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান তারাবানু এবং অজ্ঞাতপরিচয় ওই যুবক। ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টরটি আটক করে।
ওসি জানান, দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এজে/১৪১৬ ঘ.
bdnews24