ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে কর্মরত ৬৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার প্রস্তাব চূড়ান্ত করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটি (ডিপিসি)।
মঙ্গলবার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ডিপিসির এক বৈঠকে এ প্রস্তাব চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
সভা শেষে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৩ বছর মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরে পদোন্নতি নিয়ে জটিলতা ছিলো। এসব জটিলতা দূর করে বর্তমান সরকারের সময়েই পদোন্নতি দেওয়া শুরু হয়।"
আগামী বৃহস্পতিবারের মধ্যে এ কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে আদেশ জারি করা হবে বলে জানান মন্ত্রী।
পদোন্নতির জন্য নির্বাচিতদের মধ্যে সাতজনকে সহকারী পরিচালক (এডি) থেকে উপ-পরিচালক (ডিডি) এবং ৫৮ জনকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) থেকে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) পদে পদোন্নতি দেওয়া হবে।
লতিফ বিশ্বাস জানান, উপ-পরিচালকের পদে কোনো কর্মকর্তার চাকরির মেয়াদ তিন বছর পূরণ না হওয়ায় তাদেরকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া সম্ভব হয়নি।
তিনি জানান, এ কোটা পূরণ হলেই ওই পদে পদোন্নতি দিয়ে নিয়মিত করা হবে।
ডিপিসি'র সদস্য প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ আলী জানান, ১৪৩ জন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার (ইউএলও) নাম পদোন্নতি প্রস্তাবে আসে।
মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোশাররেফ হোসেন জানান, বর্তমান সরকার ইতোমধ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের ৫৪৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে। এরমধ্যে ডিএলও থেকে উপ-পরিচালক পদে ১৭ জন, ইউএলও থেকে ডিএলও পদে ২০৬ জন এবং ভেটেরিনারি সার্জন (ভিএস) থেকে ইউএলও পদে ৩২৫ জন পদোন্নতি পান।
এছাড়াও ভেটেরিনারি সার্জন (ভিএস) পর্যায়ের ২১২ জন কর্মকর্তাকে সিলেকশন গ্রেড দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত বৈঠকে সভাপতিত্ব করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮২৯ ঘ.
bdnews24