দিনাজপুর, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের ঘোড়াঘাট থানার চার পুলিশের বিরুদ্ধে ডাকাতির মামলা হয়েছে।
মঙ্গলবার দিনাজপুরের বিচার বিভাগীয় হাকিম সোহাগ তালুকদারের আদালতে মামলাটি দায়ের করেন ঘোড়াঘাট উপজেলার উদয়পুর গ্রামের ফজলুর রহমানের স্ত্রী মঞ্জুয়ারা বেগম।
এছাড়া মামলাটিতে আরো ১১ জনকে আসামি করা হয়েছে।
হাকিম মামলাটি আমলে নিয়ে ঘোড়াঘাট থানার ওসিকে এজাহারভুক্ত করার নির্দেশ দেন এবং আগামী ১১ জানুয়ারির মধ্যে মামলার প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
এামলার নথি থেকে জানান যায়, ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক, বাবুল হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এমসআই) আব্দুর রৌফ, কনষ্টেবল ফেরদৌস এবং ১১ জন ডাকাত গত ৩ ডিসেম্বর রাত ২টায় দরজা ভেঙে বাদীর ঘরে ঢোকে।
তারা পরিবারের সদস্যদের মারধর করে স্বর্ণালঙ্কারসহ অন্তত পঞ্চাশ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
অপর ১১ অভিযুক্ত হলেন- উদয়পুর গ্রামের আব্দুর নুর, তার ভাই আব্দুল হাই, এনামুল হক, দেলদার, আশরাফুল হোসেন, মুশফিকুর, হরিনিহারী গ্রামের নুরুল ইসলাম, আব্দুল মান্নান ও তার ভাই শাহীন, নবাবগঞ্জ উপজেলার ফারুক হোসেন ও শফিকুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.
bdnews24