বরিশাল, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর একটি বাড়ি থেকে নগদ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার লুট করেছে ডাকাতরা। ডাকাতের হামলায় আহত হয়েছে এক জন।
সোমবার রাতে নগরীর নবগ্রাম রোড নলী দাসের পোল এলাকার ওই বাড়িতে ডাকাতি হয়।
ওই বাড়ির এক সদস্য মো. ফরিদ সাংবাদিকদের জানান, রাত ১টার দিকে ১৫/১৬ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাত দল দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে বাসার সবাইকে জিম্মি করে লুটপাট চালায়।
সুইডেন ও আয়ারল্যান্ড থেকে বেড়াতে আসা পরিবারের সদস্যদের কাছে থেকে নগদ ৪ হাজার ইউরো, ৫ হাজার মার্কিন ডলার, কয়েক হাজার বাংলাদেশি মুদ্রা, ৬৫ ভরি স্বর্ণালঙ্কার, পাঁচটি ক্যামেরা, ১৪টি মোবাইল ফোন সেটসহ দেড় কোটি টাকার মূল্যের জিনিস লুট হয় বলে ফরিদ জানান।
তিনি বলেন, ডাকাতের হামলায় তার পরিবারের সদস্য শাহিনকে মারধর করে তার মাথা ফাটিয়ে দেয়। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
ডাকাতির খবর পেয়ে মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার এজাজ আহম্মেদ, সহকারী পুলিশ কমিশনার আসলাম খানসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতির ঘটনায় একটি মামলা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তার ও লুট হওয়া জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫৪০ ঘ.
bdnews24