ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের কাছ থেকে পাওয়া ঋণের অর্থে ভারতেরই রেলইঞ্জিন, ট্যাংক ওয়াগন ও কোচ কিনতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে (বিআর)।
৩০টি ব্রডগেজ রেল ইঞ্জিন, ১০০ মিটার গেজ ট্যাংক ওয়াগন ও ১০টি ডিজেলচালিত রেল কোচ কেনা হবে।
সোমবার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক টিএ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ সব তথ্য জানান।
বাংলাদেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে গত বছরের অগাস্ট মাসে ঢাকা ও নয়াদিল্লি ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই করে।
তিনি বলেন, "এসব কিনতে এক হাজার কোটি টাকারও বেশি খরচ হবে। ভারতের সঙ্গে করা ঋণচুক্তির আওতায় এর অর্থায়ন হবে।"
"দুই দেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী আমরা ভারতের কাছ থেকে এসব কিনব," বলেন তিনি।
তিনি জানান, মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। সেখানে অনুমোদন পেলে রেলওয়ে খুব শিগগিরই দরপত্র আহ্বান করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেবি/পিডি/২১৩৬ ঘ.
bdnews24