ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ সপ্তাহ ২০১১ মঙ্গলবার শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজারবাগ পুলিশ লাইন মাঠে তিন দিনব্যাপী এ সপ্তাহের উদ্বোধন করবেন।
পুলিশ সপ্তাহে এই বাহিনীর কার্যক্রম সার্বিকভাবে পর্যালোচনা করে জনবান্ধব পুলিশিং নিশ্চিতে কর্মকৌশল নির্ধারণ করা হয়।
সোমবার এক তথ্যবিবরণীতে বলা হয়, এবারের পুলিশ সপ্তাহে সাহসিকতা ও সেবামূলক কাজের জন্য ৮ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও ২৮ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেওয়া হবে। তাদেরকে পদক পরিয়ে দেবেন প্রধানমন্ত্রী।
বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে- উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বৈঠক, পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সম্মেলন ও অপরাধ সংক্রান্ত সম্মেলন।
পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে মহান স্বাধীনতা যুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যকে জনগণের আস্থার প্রতীক হিসাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
পৃথক এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, "আমি আশা করি সর্বোচ্চ নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে আমাদের পুলিশ বাহিনী জনগণের আস্থা অর্জনে সক্ষম হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এইচএ/২০৩৪ ঘ.
bdnews24