মাদারীপুর/মুন্সিগঞ্জ, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর নৌযান চলাচল শুরু হয়েছে।
ঘন কুয়াশার কারণে রোববার রাত দেড়টা থেকে সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকে। এসময় নদী পথে আটকে ছিল ৫ টি ফেরি।
বিআইডব্লিউটিসি'র কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক এমএ বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে কুয়াশার কারণে ৫টি ফ্লাট ফেরি পদ্মা নদী পথে থেমে থাকতে বাধ্য হয়। এসময়ে এই নদী পথে সব ধরণের নৌযান চলাচল বন্ধ থাকে। সোমবার সকালে কুয়াশা কাটতে শুরু করলে বেলা সাড়ে ১০ টার পরে আবার ফেরি চলাচল শুরু হয়।
১০ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় মাওয়া ও কাওড়াকান্দি ঘাটে যাত্রীবাহী গাড়ি ও পন্যবাহী ট্রাক আটকা পড়ে।
রোববার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ বোঝাই ফেরি মাঝ নদীতে অবস্থান করায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
পাঁচ্চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো.আসাদুল ইসলাম বলেন, "ফেরি বন্ধ থাকায় কাওড়াকান্দি ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১১২৪ ঘ.
bdnews24