মানিকগঞ্জ, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের শিবালয় উপজেলায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন।
জমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার আলোকদিয়া চরে প্রতিপক্ষের হামলায় আরো দুজন আহত হয়েছে বলে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে।
নিহত আতোয়ার হোসেন (৩৫) হঠাতপাড়া গ্রামের মোস্তফা হোসেনের ছেলে।
আহতরা হলেন- মোস্তফা হোসেন ও ইয়াছিন। তাদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, জমি নিয়ে আলোকদিয়া চরের হঠাতপাড়া গ্রামের মোস্তফা হোসেন ও আছর উদ্দিনের মধ্যে দীর্ঘদিন বিরোধ আসছিলো।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে মোস্তফা ও আছর উভয়েই লোকজন নিয়ে ওই জমির শস্য কাটতে গেলে সংর্ঘষ বাঁধে।
এতে ঘটনাস্থলে মোস্তফার ছেলে আতোয়ার নিহত। আহত হন মোস্তফা। সংঘর্ষে আছরের পক্ষের ইয়াছিন নামের একজনও আহত হয়েছেন।
শিবালয় থানার ওসি মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ময়না তদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮২৩ ঘ.
bdnews24