ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাটর্নি জেনারেল ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।
রোববার বিকালে বিটিসিএল-এর একটি টেলিফোন নম্বর থেকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মোবাইল টেলিফোনে ফোন করে এই হুমকি দেওয়া হয়।
তাঁর একান্ত সচিব কবির আহমেদ রোববার বিকালে রাজধানীর শাহবাগ থানায় এই তথ্য জানিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানিয়েছেন এই থানার ওসি রেজাউল করিম।
টেলিফোনে বলা হয়েছে, "পাঁচদিনের মধ্যে আপনি পদত্যাগ করবেন। না হলে আপনার পরিবারের সদস্যদের ক্ষতি করা হবে।"
রোববার বিকেল ৩টা ৫০ মিনিটে ৯৫৬২২০৩ নম্বর থেকে ফোন করে তাকে এই হুমকি দেওয়া হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম থেকে এই নম্বরটিতে ফোন করা হলে, 'লাইনটি খারাপ আছে' বলে স্বয়ংক্রিয় ব্যবস্থা থেকে জানা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসআইটি/কেএমএস/১৮২০ ঘ.
bdnews24