নাটোর, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিষাক্ত মদ পানে মহিলাসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।
শনিবার রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর খৃষ্টানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
মৃতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- গোপালপুর গ্রামের গীতা রাণী সরকার ও নাহিদ এবং ওয়ারেছ পাড়ার টুটুল হোসেন।
ঘটনাস্থল নাটোরের বড়াইগ্রাম উপজেলা ও পাবনার ঈশ্বরদী উপজেলার মধ্যবর্তী হওয়ায় এই ব্যাপারে আইনি পদক্ষেপ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজাপুর খৃষ্টানপাড়ার মদ বিক্রেতা গীতা রাণী সরকার ও তার কয়েকজন ক্রেতা মদ পানের পরপরই অসুস্থ হয়ে পড়ে।
রোববার সকালে স্থানীয় লোকজন ওই বাড়ির উঠানে গীতাসহ চারজনের লাশ দেখতে পায়। এ সময় নাহিদ নামের এক ব্যক্তিকে অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।
গোপালপুর গ্রামের বকুল সরকার বলেন, "ঘটনাটি গভীর রাতে হওয়ায় আমরা কেউ জানতে পারিনি। তবে সকালে গীতার বাড়িতে লাশ পড়ে থাকতে দেখেছি।"
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজাহার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বড়াইগ্রাম থানার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মদ পানে পাঁচজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে ঘটনাস্থল নিয়ে জটিলতা রয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
নাটোরের অতিক্তির পুলিশ সুপারিনটেনডেন্ট নাসিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলটি পাবনার ঈশ্বরদী উপজেলার মধ্যে পড়েছে। ওই থানাই বিষয়টি দেখবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৩৬ ঘ.
bdnews24