২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিক্ষাবৃত্তি বন্ধ কেন নয়: হাইকোর্ট

ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের আওতায় ভিক্ষাবৃত্তি বন্ধ এবং পাশাপাশি শিশুদের অঙ্গহানি ঘটিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা বন্ধে কেন পদক্ষেপ নেওয়া হবে না, তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2011, 11:08 AM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের আওতায় ভিক্ষাবৃত্তি বন্ধ এবং পাশাপাশি শিশুদের অঙ্গহানি ঘটিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা বন্ধে কেন পদক্ষেপ নেওয়া হবে না, তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন দেখে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মুহাম্মদ জাকির হোসেনের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রোববার সরকারের প্রতি এ আদেশ দেয়। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক এলিনা খান গত ৩০ ডিসেম্বর কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের সামনে তুলে ধরেন। যাতে নিয়ামুল নামে সাত বছরের শিশু উদ্ধার ও কোরবান নামে এক আসামিকে গ্রেপ্তারের কথা রয়েছে। নিয়ামুলের দেহের ক্ষতচিহ্ন তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, তার অঙ্গহানি ঘটিয়ে তাকে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা হয়েছিলো। ওই প্রতিবেদন পর্যালোচনা করে হাইকোর্ট এ আদেশ দেয়। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও র‌্যাবের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও উপ কমিশনার (পশ্চিম) এবং কামরাঙ্গীরচর ও কদমতলী থানার ওসি ও সংশ্লিষ্ট উপপরিদর্শককে (এসআই) এ আদেশের জবাব দিতে সাত দিন সময় দেওয়া হয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা নিয়ে হাজির হতে র‌্যাবের আইন শাখার পরিচালক এবং কামরাঙ্গীরচর ও কদমতলী থানার ওসিকে আগামী ৫ জানুয়ারি আদালতে হাজির হতেও বলেছে হাইকোর্ট। নিয়ামুল ও তার বাবাকে একই দিন আদালতে হাজির থাকতে বলা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় আসামি রবিউল ও ওমর ফারুকসহ চার জনকে কেন গ্রেপ্তার করা হয়নি এবং এ মামলার অগ্রগতি কী তাও জানাতে বলেছে হাইকোর্ট। তাদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশের পদক্ষেপ না নেওয়ার বিষয়টি তুলে ধরে তাতে বিস্ময় প্রকাশ করেছে আদালত। এক্ষেত্রে অবহেলার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, স্বরাষ্ট্র সচিবকে তাও জানাতে বলেছে হাইকোর্ট। শিশুর অঙ্গহানি ঘটিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার এ ঘটনা খতিয়ে দেখতে স্বরাষ্ট্র সচিবকে উচ্চ ক্ষমতাসমপন্ন একটি কমিটিও করতে বলেছে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৮০০ ঘ.