২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ব্যর্থতা ঢাকতে সরকার বিরোধী দলকে দমনে নেমেছে'

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার বিরোধী দলকে দমনের কাজে নেমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2011, 10:39 AM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার বিরোধী দলকে দমনের কাজে নেমেছে। রোববার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ র‌্যালীর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মহিলা দল এই র‌্যালীর আয়োজন করে। মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও নারায়ণগঞ্জ জেলার নেতা-কর্মীরা এই র‌্যালীতে অংশ নেন। 'দ্রব্যমূল্য বাড়ছে কেনো, শেখ হাসিনা জবাব চাই', চাল-ডাল-পেঁয়াজের দাম বাড়ছে কেনো', 'বিদ্যুৎ চাই, পানি চাই' ইত্যাদি প্ল্যাকার্ড র‌্যালীতে বহন করা হয়। র‌্যালীটি বিজয়নগর সড়ক হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। মির্জা ফখরুল সরকারের উদ্দেশে বলেন, "হয় দেশে সুশাসন প্রতিষ্ঠা করুন, নইলে পদত্যাগ করে চলে যান।'' তিনি বলেন, "দেশ আজ দুঃশাসনের কবলে পড়েছে। দেশে এক অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছে সরকার। দ্রব্যমূল্য একের পর এক বেড়ে চলেছে। কোনো কিছুই মানুষের নাগালের মধ্যে নেই।'' কেবল দ্রব্যমূল্যই নয়, আইনশৃঙ্খলাসহ সব ক্ষেত্রেই সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নিত্য প্রয়োজনী দ্রব্যমূল্য নিয়ে মহিলা দলের এরকম কর্মসূচি দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহবান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। মহিলা দলের সভাপতি নুরে আরা সাফার সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সাবেক সাংসদ শাহিনা খান, ওয়ার্ড কমিশনার পেয়ারা মোস্তফা, মহিলা নেত্রী বিলকিস জাহান শিরিন, রহিমা শরীফ মায়া, মিলি জাকারিয়া বক্তব্য রাখেন। সমাবেশে বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সাংসদ রেহানা আখতার রানু, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৬৩৫ ঘ.