চট্টগ্রাম, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর মতিঝর্ণা এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, শনিবার রাত ১১টার দিকে চার যুবক ১৫ বছর বয়েসী ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণের পর মতিঝর্ণা পাহাড় থেকে নিচে ফেলে দেয়। স্থানীয়রা গভীররাতে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।
খুলশী থানার ওসি মশিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সন্ধ্যায় হবু বর স্বপনের সঙ্গে মেয়েটি আমবাগান এলাকায় ঘুরতে যায়। এক পর্যায়ে কৌশলে স্বপন তাকে মতিঝর্ণা পাহাড়ে নিয়ে যায়।
মেয়েটির দেওয়া জবানবন্দির ভিত্তিতে ওসি বলেন, "মতিঝর্ণা পাহাড়ে স্বপন ও তার বন্ধু বাবু, সুমন ও রুবেল পালাক্রমে তার ওপর নির্যাতন চালায় এবং একপর্যায়ে তাকে পাহাড় থেকে ফেলে দেয়।"
স্বপনের সঙ্গে মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিলো বলে জানান ওসি।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নগরীর তৈরি পোশাক কারখানার কর্মী ওই কিশোরীর বাসা লালখান বাজার এলাকায়।
সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির নায়েক সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় বাসিন্দা আবদুস সাত্তার মেয়েটিকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে দুপুর পর্যন্ত মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/আরএ/১৪৫৮ ঘ.
bdnews24