ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজছাত্র কামরুল ইসলাম মোমিন হত্যা মামলার প্রধান আসামি ওসি রফিক ও শীর্ষ সন্ত্রাসী হাবিবুর রহমান তাজের বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠন করেছে আদালত।
রাষ্ট্রপক্ষের আবেদনে রোববার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মো. রেজাউল ইসলাম অভিযোগ গঠন করে আগামী বৃহস্পতিবার এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
গত ২৯ ডিসেম্বর এ মামলায় ওসি রফিক ও শীর্ষ সন্ত্রাসী হাবিবুর রহমান তাজের বিরুদ্ধে আরো অভিযোগ যুক্ত করার আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওইদিন একই বিচারক রোববার এ আবেদনের শুনানির দিন নির্ধারণ করেন।
বিচারকাজের শুরুতে সকালে রফিক ও তাজকে নতুন অভিযোগ পড়ে শোনানো হলে তারা নিজেদেরকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান।
এ আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুধু মোমিনকে হত্যার প্ররোচনা সংশ্লিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট সাক্ষীদের সাক্ষ্য নতুন করে আবার নেওয়া হবে।"
এ মামলায় মোট সাক্ষী ১৬ জন।
বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর জাসদ ছাত্রলীগের ঢাকা মহানগর নেতা মোমিনকে তাদের উত্তর ইব্রাহীমপুরের বাসার সামনে খুন করে দুষ্কৃতকারীরা। ওই খুনের ঘটনায় কাফরুল থানার তৎকালীন ওসি রফিকুল ইসলামের সম্পৃক্ততা পাওয়া যায়।
এ মামলার পাঁচ আসামি শুরু থেকেই পলাতক। এরা হলেন- তারেক ওরফে জিয়া, হাসিবুল হক জনি, মো. জাফর, শাখাওয়াৎ হেসেন জুয়েল ও শরীফ উদ্দিন ।
জামিনে থাকা আসামি মনির হাওলাদার বারবার আদালতে অনুপস্থিত থাকার কারণে গত ১২ ডিসেম্বর তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
যে কারণে আরো অভিযোগের আবেদন
আবেদনে বলা হয়, মামলাটিতে হত্যা, হত্যার সমঅভিপ্রায় এবং হত্যাকাণ্ডে প্ররোচনার অভিযোগে অভিযোগপত্র দাখিল করা হয়। তবে মামলাটিতে শুধু হত্যা এবং হত্যার সমঅভিপ্রায়ের ধারায় সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আগেকার আদালতের বিচারক।
কিন্তু ওসি রফিক ও হাবিবুর রহমান তাজের যেহেতু মোমিনকে হত্যার জন্য পূর্ব পরিকল্পনা ছিলো এবং তাদের সহযোগিতা, প্ররোচনা ও নির্দেশে যেহেতু মোমিন নিহত হন, সে কারণে প্ররোচনার ধারাটিও অভিযোগ গঠনে যুক্ত করা দরকার। তা না হলে বাদি পক্ষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন।
মামলার নথিপত্রে দেখা যায়, গত বছরের ৫ অক্টোবরে ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালে মামলাটিতে নয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর ওই আদালতের বিচারক কানিজ আকতার নাসরিনা খানম রাষ্ট্রপক্ষে ১৬ জনের সাক্ষ্যও নেন।
দ্রুত বিচারের সময়সীমা পার হয়ে যাওয়ায় গত ২৬ মে আগের বিচারিক আদালত ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনাল থেকে মামলাটি সাধারণ দায়রা মামলার মতো ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয় বিচারের জন্য। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখায় বাদি পক্ষের আবেদনের পর মামলাটি আবারো তাড়াতাড়ি নিষ্পত্তির জন্য গত ২৯ নভেম্বর ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালে আসে।
রোববার ওসি রফিককে হাতকড়া পরিয়ে আদালতে আনা হয়। এ সময় আসামি রফিকুল ইসলাম ওরফে ওসি রফিক, বাবু ওরফে ঠোঁট উচা বাবু, এ মামলার অন্যতম আসামি সরকারঘেষিত শীর্ষসন্ত্রাসী হাবিবুর রহমান তাজকে কারাগার থেকে এ আদালতে নিয়ে আসা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24