ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন এলাকা থেকে ঝুলন্ত তার সরিয়ে নেওয়ার প্রতিবাদে আগামী মঙ্গলবার দুই ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর সভাপতি আখতারুজ্জামান মঞ্জু রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আগামী ৪ জানুয়ারি দেশব্যাপী বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ধর্মঘট ডেকেছি।"
তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ মন্ত্রণালয় ও ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) মূল পরিকল্পনার বাইরে বিভিন্ন এলাকার খুঁটি থেকে ঝুলন্ত তার সরিয়ে নিয়েছে।
"এর ফলে, অনেক এলাকাতেই আমাদের গ্রাহকের ইন্টারনেটের গতি ধীর হয়ে গেছে", বলেন তিনি।
উত্তরা থেকে শাহবাগ ও শাহবাগ থেকে গুলশান হয়ে মতিঝিল ও মগবাজার পর্যন্ত- এই দুটি রুটে সরকার তার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
তবে তিনি দাবি করেন, টেলিকমিউনিকেশন্স ট্রান্সমিশন নেটওয়ার্কসভুক্ত (এনটিটিএন) প্রতিষ্ঠানগুলোও তাদের কাজ শেষ করতে পারেনি। ভূগর্ভে এ ধরনের তার স্থাপনে খনন কাজের দায়িত্বে রয়েছে এনটিটিএন।
"এটা অন্যায়, আরেকজনের ভুলের জন্য আমাদের কেন ভুগতে হবে", প্রশ্ন করেন তিনি।
রোববার দুপুরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আইএসপিএবি নেতারা। সমিতির সভাপতি মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিটিআরসি কর্মকর্তাদের আমরা বোঝাতে পেরেছি যে আমাদের কোনো ত্র"টি ছিলো না।"
পরিকল্পনায় ছিলো না এমন সব এলাকা থেকে কর্তৃপক্ষ তার সরিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন আইএসপিএবি সভাপতি।
তার এ অভিযোগের সমর্থন মিলেছে এনটিটিএনভুক্ত প্রতিষ্ঠান সামিট কমিউনিকেশন্স লিমিটেডের শীর্ষ কর্মকর্তা আরিফ আল ইসলামের কথায়ও।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেসব তার সরানোর কথা ছিলো না শুক্রবার কর্তৃপক্ষ এমন তারও কেটেছে।"
তবে আরিফ স্বীকার করেন, পরিকল্পনায় ছিলো না এমন সব এলাকায় সংযোগ দেওয়ার ক্ষেত্রে তারা পিছিয়ে ছিলেন।
তিনি বলেন, "ওইসব এলাকায় আমাদের কাজ শেষ করতে আমাদের আরো সময় লাগবে।"
আরেকটি এনটিটিএন কোম্পানি ফাইবার অ্যাট হোম জানিয়েছে যে তারা ঢাকায় আইএসপি ও ক্যাবল অপারেটরদের ভূগর্ভস্থ তারের সংযোগ দিতে প্রস্তুত।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মইনুল হক সিদ্দিকী গত ২৭ নভেম্বর এক সংবাদ সম্মেলনে বলেন, "আমরা রাজধানীতে ভূগর্ভের প্রায় ২০০ কিলোমিটার খনন করেছি। আইএসপি ও প্রধান কেবল টিভি অপারেটরদের আমরা সংযোগ দিতে প্রস্তুত।"
দেশজুড়ে এ ধরনের নেটওয়ার্ক প্রতিষ্ঠা, পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য ২০০৯ সালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) ওই দু'টি প্রতিষ্ঠানকে এনটিটিএন সনদ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/জেবি/এমআই/১৬১৬ ঘ.
bdnews24