চট্টগ্রাম, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে জাহাজডুবির স্থান শনাক্ত করে বাতিযুক্ত বয়া স্থাপন করা হয়েছে।
শনিবার সকালে বর্হিনোঙ্গরের 'বি অ্যাংকরেজে'র কাছে 'মানিক মিয়া-২' নামে একটি লাইটারেজ জাহাজ 'আব্দুল্লাহ আল আসিফ-১' নামে অন্য একটি লাইটারেজ জাহাজের ধাক্কায় ডুবে যায়।
বিকালে বন্দরের দুটি জরিপ জাহাজ দুর্ঘটনাস্থলটি শনাক্ত করে সেখানে একটি বয়া স্থাপন করে।
বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্দরে জাহাজের যাওয়া-আসা নিরাপদ করতে দুর্ঘটনাস্থলে বাতিযুক্ত বয়া (লাইটেড বয়া) লাগানো হয়েছে।"
বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই দাবি করে তিনি বলেন, সকাল থেকে ছয়টি বড় জাহাজ বন্দর ছেড়ে গেছে। তবে কোনো জাহাজ বন্দরে আসেনি।
রোববার সকালে বর্হিনোঙ্গর থেকে জাহাজ বন্দরে ঢুকবে বলে জানান তিনি।
ফরহাদ উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত জাহাজটি সরিয়ে নিতে মালিককে জানানো হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্তে একটি কমিটি গঠন করা হবে।
ঢাকার লালবাগের মানিক মিয়া নেভিগেশন নামের একটি প্রতিষ্ঠান 'মানিক মিয়া-২' জাহাজটির মালিক। বন্দর থেকে ১২শ টন সিমেন্ট ক্লিংকার নিয়ে বন্দর ত্যাগ করার সময় এটি দুর্ঘটনায় পতিত হয়।
তবে জাহাজের ১২ জন ক্রুর সবাই নিরাপদ আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেবি/পিডি/২০৩৮ ঘ.
bdnews24