কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবু সিদ্দিকের বয়স ষাট ছুঁই ছুঁই। বয়সের ভার, তার ওপর শ্বাসকষ্ট। ঠিকমতো কথাও বলতে পারেন না। এর মধ্যেই পৃথিবীর সবচেয়ে বড় বোঝা নেমে এসেছে মাথার ওপর।
ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছেলের চিকিৎসার খরচের কথা ভেবে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
তার ছেলে সাইদুর রহমান গত ২৪ ডিসেম্বর রাতে রাজধানীর খিলক্ষেত নামাপাড়ার বোর্ডগার্ড এলাকায় গোদরেজ সারা লী (বাংলাদেশ) গুডনাইট অ্যারোসলের গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।
এই অগ্নিকাণ্ডে ইতিমধ্যে ১০ জন মারা গেছে। অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে তিনিই একমাত্র জীবিত ব্যক্তি।
আবু সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাইদুরের চিকিৎসায় এ পর্যন্ত ২০ হাজার টাকা খরচ হয়ে গেছে। সরকারের তরফ থেকে মাত্র ১০ হাজার টাকা পেয়েছি। চিকিৎসার খরচের কথা ভেবে আর কূল পাচ্ছি না।"
তিনি বলেন, "আমার খুবই অভাবের সংসার। নেত্রকোনায় বাবার ভিটা আছে, কিন্তু কোনো ঘর নেই।"
আবু সিদ্দিক বলেন, "আমি জনম দুঃখী। আমার চার ছেলে ও তিন মেয়ে। চার ছেলের মধ্যে এক ছেলে এক বছর ধরে নিখোঁজ। এক ছেলে বধির। আর সাইদুর মৃত্যুর দরজায়।"
আবু সিদ্দিক শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বারান্দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে এভাবেই তার কষ্টের কথা জানান।
তিনি জানান, সাইদুর সাত বছর আগে বিয়ে করেছে। সাইদুরের স্ত্রী ফাতেমা এখন অন্তঃসত্ত্বা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের প্রকল্প পরিচালক ডা. সামন্ত লাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাইদুরের দেহ ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।
"সাধারণত ১৫ শতাংশের বেশি দগ্ধ হলেই আমরা বিপজ্জনক বলে থাকি। তাই সাইদুর শঙ্কামুক্ত নয়", বলেন তিনি।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক রোকনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ অগ্নিকাণ্ডে থানায় একটি মামলা হয়েছে। কেউ এখনও আটক হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/এমআই/২০০৪ ঘ.
bdnews24