কুষ্টিয়া, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) কর্মকর্তারা যৌথভাবে পদ্মা নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ শুরু করেছেন।
পানি উন্নয়ন বোর্ডের পাবনা হাইড্রোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, শনিবার সকাল ৯টা থেকে পানি প্রবাহ পর্যবেক্ষণ শুরু হয়েছে।
উভয় দেশের কর্মকর্তারা স্পীড বোটে করে পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টের ১০ হাজার ফুট উজানে গিয়ে পানি প্রবাহ পর্যবেক্ষণ করছেন।
প্রকৌশলী হারুন আরো জানান, সপ্তাহের শুক্রবার ছাড়া বাকী ছয়দিন পানি প্রবাহ পর্যবেক্ষণ করা হবে। উভয় দেশের কর্মকর্তারা পৃথকভাবে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পর্যবেক্ষণ প্রতিবেদন পাঠাবেন।
গঙ্গার পানি বণ্টন চুক্তি অনুযায়ী আগামী ৩১ মে, ২০১১ পর্যন্ত যৌথ নদী কমিশনের কর্মকর্তারা পদ্মার পানি প্রবাহ পর্যবেক্ষণ করবেন।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘ মেয়াদি এই চুক্তি হয়।
১৯৯৬ সালে নয়াদিল্লিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী দেবগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৬৪৬ ঘ.
bdnews24