২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাকের মরণ দেখে দাওয়াত খেয়ে শঙ্কা

অর্ধশত কাকের মৃত্যু দেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কয়েক হাজার লোক একটি দাওয়াত খেয়ে বাড়ি ফিরে শঙ্কার মধ্যে রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2010, 03:05 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্ধশত কাকের মৃত্যু দেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কয়েক হাজার লোক একটি দাওয়াত খেয়ে বাড়ি ফিরে শঙ্কার মধ্যে রয়েছে। তবে প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তারা বলছেন, আশঙ্কার কিছু নেই। খাদ্যে বিষক্রিয়ায় এ সব কাক মারা যেতে পারে। নয়ানন্দ গ্রামে গত দুদিনে অন্তত অর্ধশত কাক মারা গেছে বলে স্থানীয়রা জানায়। সে গ্রামের আলমাস হাজির বাড়িতে মঙ্গলবার এক অনুষ্ঠানে চারটি গরু জবাই করে চার হাজার মানুষকে খাওয়ানো হয়। ওই গ্রামের সোহাগ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি ডোবার পাড়ে গরুগুলো জবাই করা হয়। সেখানে রক্ত জমে ছিলো। বুধবার সেখানে কিছু কাক মরে থাকতে দেখা যায়।" এরপর বিভিন্ন স্থানে অন্তত ৫০টি মরা কাক পাওয়া যায় বলে জানান তিনি। সোহাগ বলেন, "যারা দাওয়াত খেয়েছিলেন, কাকের মৃত্যু দেখে তারা আতঙ্কের মধ্যে আছেন, বিশেষ করে অ্যানথ্রাক্স নিয়ে।" খবর পেয়ে বৃহস্পতিবার প্রাণীসম্পদ দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল ঘুরে এসেছেন। মৃত দুটি কাকের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছেন তারা। জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মৃণাল কান্তি ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসলে আতঙ্কের কোনো কারণ নেই।" "গরুর রক্তের সঙ্গে কোনো ধরনের ব্যাক্টেরিয়া মিশেছিলো। সেই রক্ত পান করে খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে কাকগুলো মারা যেতে পারে", বলেন তিনি। উপজেলা প্রাণীসম্পদ কর্মকতা এসএম উকিল উদ্দিন বলেন, "যারা গরুর মাংস খেয়েছেন তাদের এখনো কোনো সমস্যা হয়নি।" তবে জবাই করা গরুর রক্ত বা কোনো নমুনা সংগ্রহ করতে পারেননি কর্মকর্তারা। এদিকে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জলিল বলেছেন, মানুষের মধ্যে শুরুতে একটু আতঙ্ক দেখা দিলেও পরে তা স্বাভাবিক হয়ে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১০০ ঘ.