ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের দুর্গম এলাকাগুলোতে বিশেষ ধরনের বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে সরকার, যার নাম হবে লার্নিং সেন্টার।
এ লার্নিং সেন্টারে একজন শিক্ষকই পড়াবেন। আর প্রতি উপজেলায় ১০টি লার্নিং সেন্টার স্থাপনের একটি প্রস্তাব পরিকল্পনা কমিশনে ইতিমধ্যে পাঠানো হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু আলম মো. শহীদ খান।
এসব লার্নিং সেন্টারের মেয়াদ হবে তিন বছর। তবে পরে এগুলোকে বিদ্যালয়ে রূপান্তরের সুযোগ থাকছে বলে সচিব জানান।
শহীদ খান সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "প্রাথমিকভাবে তিন বছরের জন্য এ সেন্টারগুলো করা হবে। প্রয়োজন হলে পরে এগুলো বিদ্যালয়েও রূপান্তর করা হতে পারে। এতে ব্যয় ধরা হয়েছে ১৪৮ কোটি টাকা।"
চর, হাওর, চা বাগান এলাকায় এ সব লার্নিং সেন্টার প্রতিষ্ঠা করা হবে।
বর্তমানে দেশে প্রাথমিক শিক্ষাস্তরে ৫০ জন ছাত্রের জন্য একজন শিক্ষক রয়েছে- এ তথ্য জানিয়ে সচিব বলেন, এ বছর প্রায় ৫৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত ১:৪৬ হচ্ছে।
শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:৪০ করা লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে শহীদ জানান।
এছাড়াও আরো ২০ হাজার খণ্ডকালীন শিক্ষক, ৩৭ হাজার প্রাক-প্রাথমিক এবং প্রতি স্কুলে একজন নাইট গার্ড নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।
সচিব বলেন, "বিদ্যালয়ে আরো একজন নিুপদস্থ কর্মকর্তার পদ তৈরি করা হবে। পাঠদানের বাইরে শিক্ষকদের সময় যেন ব্যয় না হয়, সেজন্য ওই কর্মকর্তা দাপ্তরিক বিভিন্ন কাজ করবেন।"
গত ১০ বছর ধরে ঝুলে থাকা শিক্ষকদের সব পদোন্নতি গত ছয় মাসে হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/১৫০০ ঘ.
bdnews24