২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিলেন খায়রুল হক

দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন এ বি এম খায়রুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2010, 05:16 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন এ বি এম খায়রুল হক। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে বঙ্গভবনের দরবার হলে নতুন প্রধান বিচারপতিকে শপথ পাঠ করান। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি খারুল হককে গত ২৬ সেপ্টেম্বর প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিচারপতি ফজলুল করিমের স্থলাভিষিক্ত হলেন। বুধবার তিনি অবসরে গেছেন। শপথ অনুষ্ঠানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীসহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য, বিদায়ী প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতিগণ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্টের বিচারপতিগণ, সুপ্রিম কোর্টের কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী এবং অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এম এ আজিজ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানান। নতুন প্রধান বিচারপতিকে দুপুরে সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের। চাকরির বয়স অনুযায়ী খায়রুল হকের ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালনের কথা। গত বছরের ১৪ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পান খায়রুল হক। মাদারীপুর জেলার রাজৈর থানার আড়াইপাড়া গ্রামে ১৯৪৪ সালের ১৮ মে খায়রুল হকের জন্ম। তিনি ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেওয়ার পর ১৯৭৫ সালে লন্ডনের লিংকনস ইন থেকে বার অ্যাট ল' করেন। খায়রুল হক ১৯৭০ সালে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। এরপর ১৯৭৬ সালে হাইকোর্টে এবং ১৯৮২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৭৮ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেছেন ছিলেন। ১৯৯৮ সালের ২৭ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান ২০০০ সালের ২৭ এপ্রিল। বঙ্গবন্ধু হত্যা মামলার রায়, সংবিধানের ৫ম সংশোধনী সংক্রান্ত রায়, স্বাধীনতার ঘোষণা ও ঘোষক সম্পর্কিত রায়, রেসকোর্স ময়দানে স্বাধীনতার স্মৃতি সংরক্ষণ বিষয়ে রায়, ঢাকার চার প্রধান নদী রক্ষার রায়, ঢাকার ট্যানারি সরানোর রায়ে খায়রুল হকের সম্পৃক্ততা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএম/এজে/১১১৫ ঘ.