সুনামগঞ্জ, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদকসক্তদের উৎপাতের প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজারের ব্যবসায়ীরা বুধবার দোকানপাট বন্ধ রেখে অর্ধদিবস ধর্মঘট পালন করেছে।
ধর্মঘটে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বাজারে বেচাকেনা বন্ধ থাকে।
আনোয়ারপুর বাজার বণিক সমিতির সভাপতি আলীনূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাদকসেবীরা দীর্ঘদিন ধরেই ব্যবসায়ীদের ওপর অত্যাচার করছে। এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা ধর্মঘট করছি।"
এর আগে ব্যবসায়ীরা তাহিরপুর থানায় মাদকাসক্তদের গ্রেপ্তারের দাবিতে লিখিত অভিযোগ করেন বলেও জানান তিনি।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, একটি মাদকসেবী চক্র দীর্ঘদিন ধরে সন্ধ্যায় মদ্যপান করে তাহিরপুর-আনোয়ারপুর বাজারের দোকান থেকে জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে।
এ ছাড়া ব্যবসায়ীদের মারধর ও গালিগালাজ করছে বলেও অভিযোগ করেন তারা।
তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৮৩০ ঘ.
bdnews24